রাজনীতি

প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন : নজরুল ইসলাম
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের প্রকৃত স্বাধীনতা দিয়েছেন। আপনারা সৎভাবে সত্য সংবাদ তুলে ধরুন। মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার বিচারিক আদালতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। নজরুল ইসলাম বলেন, যখন স্বৈরাচারী সরকার সবার গলা চেপে ধরেছিল। যখন কোনো কিছু প্রকাশ হতো না। তখন আপনারা সাংবাদিকরা সত্য তুলে ধরার চেষ্টা করেছেন। কোর্টে আপনাদের সাংবাদিকদের জন্য আমরা প্রতিবাদ করতে পারতাম। আপনারা মিডিয়ায় তুলে ধরবেন বলে আমরা সাহস পেতাম। আপনাদের কাছে আমরা ঋণী। এ সময় সিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঢাকা বারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আরো বলেন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সদস্যরা দুর্দিনে যেমন সৎ ও সাহসী সাংবাদিকতা করে গেছেন। আগামীতেও করে যাবেন বলে প্রত্যাশা রাখি। আপনাদের পাশে আমরা থাকব। আমাদের দল বিএনপি থাকবে। বিএনপির কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, সাংবাদিকরা সব সময় ঐক্যবদ্ধ থাকলে অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখা হয়। এক্ষেত্রে কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা ফ্যাসিস্ট আমল থেকে সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা চাই আপনারা এভাবে ঐক্যবদ্ধ থাকুন। কোর্টে সৎ ও সাহসী সংবাদ প্রকাশের মাধ্যমে সবার কাছে সত্য সংবাদ তুলে ধরুন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির আইনজীবীরা পাশে আছি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, আমাদের কোর্টে প্রাত্যহিক যেসব চাঞ্চল্যকর মামলার শুনানি হয় তা জাতির কাছে তুলে ধরে কোর্ট রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। ঢাকার বিচারিক আদালতে ন্যায়বিচার হচ্ছে, নাকি অন্যায়-অবিচার হচ্ছে তা দেশবাসী আপনাদের মাধ্যমে জানতে পারে। আসামিদের প্রতি আচরণ কেমন করা হচ্ছে, বিচারকরা তাদের বিচার কেমন করছেন, সব পক্ষের আইনজীবীরা দাঁড়াতে পারছেন কিনা আপনারা তুলে ধরেন। তাই কোর্টে গণমাধ্যমের ভূমিকা অনেক। আপনাদের বিপদ আপদেও সরকার যেন পাশে থাকে সেই প্রত্যাশা করছি। কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে ঢাকা আইনজীবী সমিতির সিনিয়রসহ সাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, কোর্ট রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদ ও বর্তমান সাধারণ সম্পাদক মামুন খানসহ সাংবাদিক ও আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিকগ্রেপ্তার